যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে বাংলাদেশের স্বাগত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময় সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। এ কারণে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের গঠনমূলক উদ্যোগ ও দূরদর্শী ভূমিকার প্রশংসা করা হয়েছে।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, চুক্তিটি সদিচ্ছা, পারস্পরিক আস্থা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু ওই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইতিবাচক এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে বাকি বিষয়গুলোও সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়ক হবে এবং অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক গতি, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

Next News Previous News