স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা আবুল কাশেম গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার
পাবনার আতাইকুলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম (কাশেম শেখ)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ ওঠার পর তাকে দল থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় সারারাত অভিযান চালানো হয়। পরে ভোরে শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা সম্ভব হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। ঘটনার পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার বিক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হওয়ায় রোববার রাতেই আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করে যুবদল। ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অসামাজিক ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
