প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখার ঘটনা ‘দুঃখজনক’, বললেন পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং দিনশেষে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে রোববার সন্ধ্যায় ভারতের দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন ডা. জাহেদ উর রহমান। পরে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সিএনএন-নিউজ ১৮’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি ‘ওয়াচ লিস্টে’ তার নাম থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য কিছু সময় অপেক্ষা করতে বলে। নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম শনাক্ত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

কূটনৈতিক সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে তিনি ভারতে গিয়েছিলেন। ১৫ ও ১৬ জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ডা. জাহেদ উর রহমান কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সার্ক স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট ব্যবহার করে সফরে যান। তার সফর সম্পর্কে আগেই নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। এমনকি তাকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্রের দাবি, উচ্চপর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাকে দেশে প্রবেশের অনুমতি দেয়। তবে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

Next News Previous News