গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

গাজীপুর নগরীর মালিকের বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক।

তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট যোগ দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ষষ্ঠ তলা থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

আগুন লাগার পর শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Next News Previous News