ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান জামায়াত আমির

দিনেশ ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য তাদের নজরে এসেছে, যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে দিনেশ ত্রিবেদী ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে তার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, “ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই তার বক্তব্যের প্রকৃত অর্থ স্পষ্ট না হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”

জামায়াত আমির আরও বলেন, জনগণের স্বার্থে সরকারকে দ্রুত উদ্যোগ নিয়ে বিষয়টি পরিষ্কার করা উচিত। যদি বক্তব্যটির মাধ্যমে আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, তবে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।

তিনি মনে করেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক থাকা স্বাভাবিক হলেও বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণের মধ্যে সৃষ্টি হওয়া সংশয় দূর করতে বিষয়টির দ্রুত ও সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

Next News Previous News