কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বন্ধু

কউকের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর ধারা ৫(২) অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি চেয়ারম্যান (গ্রেড-২) পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকার বাসিন্দা। তিনি মাস্টার কামাল হোসেনের ছেলে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয়ভাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed-এর স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী ও কন্যা চিকিৎসক এবং ছেলে বর্তমানে একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রশাসনিক ও প্রকৌশল অভিজ্ঞতা কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন ও অবকাঠামোগত কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Next News Previous News