নাবিল গ্রুপ ৭০০ কোটির লোন ফেরত দেয়নি, সেটা গেছে এক দলের নির্বাচনী তহবিলে’

ইসলামী ব্যাংকের ঋণ ও আরডিএস প্রকল্প নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

ইসলামী ব্যাংকের ঋণ বিতরণ ও আরডিএস প্রকল্প নিয়ে তদন্তের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন শিল্পগোষ্ঠীকে দেওয়া ঋণ এবং ব্যাংকের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাবিল গ্রুপকে এলসির বিপরীতে প্রায় ৭০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। তবে পণ্য বিক্রির পর সেই অর্থ ব্যাংকে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন মহলে এ অর্থের ব্যবহারের বিষয়ে নানা আলোচনা রয়েছে, যা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

তিনি আরও বলেন, নাবিল গ্রুপের ব্যাংক দায় প্রায় ১৬ হাজার কোটি টাকা বলে তথ্য পাওয়া গেছে। একইভাবে লান্তাবুর গ্রুপকে প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই নির্বাচনের আগে ৪০ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগও তদন্তের আওতায় আনা হবে।

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন খাতে এই অর্থ ব্যয়ের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যও খতিয়ে দেখা হবে।

আলোচনায় ইসলামী ব্যাংকের আরডিএস (রুরাল ডেভেলপমেন্ট স্কিম) প্রকল্প নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, এই প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছে এবং এর একটি অংশ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরডিএস প্রকল্প ইসলামী ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলেও এর আওতায় অর্থ বিতরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে কিছু এলাকায় অর্থ বিতরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

তবে মন্ত্রীর উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অভিযুক্ত পক্ষগুলোর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Next News Previous News