দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরছেন ডা. জাহেদ উর রহমান

ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আগাম অবহিত করার পরও বিমানবন্দরে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করানো এবং প্রবেশের বিষয়ে অনিশ্চয়তার কারণে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

জানা গেছে, সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়টি আগেই আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছিল। গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করে।

তবে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করায়। এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানা যায়।

পরিস্থিতিকে আত্মসম্মানের প্রশ্ন হিসেবে বিবেচনা করে ডা. জাহেদ উর রহমান তার পাসপোর্ট ফেরত চান এবং সফর বাতিলের সিদ্ধান্ত নেন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।

এরপর রাতেই তিনি তৃতীয় একটি দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরার যাত্রা শুরু করেন। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ঘটনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ঘটনাটি কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

Next News Previous News