৭ দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী
আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত সব ক্লিনিক ৭ দিনের মধ্যে পরিদর্শন করা হবে
রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই এলাকায় যতগুলো ক্লিনিক রয়েছে, আগামী সাত দিনের মধ্যে সবগুলোই পরিদর্শন করা হবে। কোথাও অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, পরিদর্শনের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠান বন্ধ করা নয়। যেখানে সেবার মান উন্নত করার সুযোগ রয়েছে, সেখানে উন্নয়ন করা হবে। যদি কোনো অবহেলা পাওয়া যায়, সে ক্ষেত্রে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই পরিদর্শন কার্যক্রমের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এবং ভবিষ্যতেও এটি চলমান থাকবে।
স্বাস্থ্যমন্ত্রীর মতে, এই কার্যক্রম শুরু হলে অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানও সতর্কতা অবলম্বন করবে এবং নিজেদের সেবার মান উন্নত করার চেষ্টা করবে।
