ইসরাইলের হাইফায় অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইরান
হাইফায় অস্ত্রাগারে ড্রোন হামলার দাবি ইরানের
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় অবস্থিত রাফায়েল অস্ত্রাগারে ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের ফারস নিউজ এজেন্সিকে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান, ইরানি বাহিনী এইলাত, ডিমোনা এবং তেল আবিবের আশপাশের এলাকাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি হিসেবে চিহ্নিত কিছু স্থানেও হামলা চালানো হয়েছে।
ইরান আরও দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশে আসা বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
এর আগে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মহাকাশ স্থাপনা এবং সেখানে জ্বালানি ভরার জন্য রাখা বিমানগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
তবে ইরানের এসব দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল।
সূত্র: আল জাজিরা
