আলোচনার নামে ইরানের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার প্রস্তাব ‘ফাঁদ’ হতে পারে: আশঙ্কা ইরানের
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার প্রস্তাব ‘ফাঁদ’ হতে পারে: আশঙ্কা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ২৪ মার্চ ২০২৬

ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ অবসানে আলোচনার যে কথা বলা হচ্ছে তা আসলে একটি কৌশল বা ফাঁদ হতে পারে। তাদের মতে, এই আলোচনার মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের বাইরে এনে অতর্কিতে হামলা চালানোর চেষ্টা করা হতে পারে।

ইরানের নেতাদের আশঙ্কা—মুখোমুখি শান্তি আলোচনার আড়ালে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা থাকতে পারে।

খবরে বলা হয়েছে, তেহরানের নেতারা বিশেষভাবে উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সম্ভাব্য আলোচনার মাধ্যমে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে বাইরে বের করে আনার চেষ্টা হতে পারে।

গালিবাফ সাবেক একজন আধা-সামরিক কমান্ডার এবং সাম্প্রতিক বিমান হামলা থেকে বেঁচে যাওয়া ইরানের গুটিকয়েক শীর্ষ নেতার একজন।

গালিবাফের উপস্থিতি নিয়ে সন্দেহ

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র বাগের গালিবাফের উপস্থিতি চেয়েছে। এই বিষয়টিকেই সন্দেহের দৃষ্টিতে দেখছে ইরান।

ইরানি কর্মকর্তা ও তাদের সঙ্গে যোগাযোগ রাখা আরব কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কিছু পদক্ষেপও ইরানের কাছে সন্দেহজনক মনে হচ্ছে।

হামলা স্থগিত ঘোষণাও কৌশল?

ইরানের কর্মকর্তারা দাবি করছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রাখার যে ঘোষণা দিয়েছেন, সেটিও একটি কৌশল হতে পারে।

তাদের মতে, নতুন করে হামলা শুরু করার আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প সোমবার ইরানের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোতে বোমা হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে বর্তমানে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে।

তবে ট্রাম্পের এই দাবির পরপরই ইরান সরাসরি অস্বীকার করে জানায়, তাদের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা চলছে না।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

Next News Previous News