যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র
ইরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উদ্দেশ্য পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এমন দাবি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের। মুখে স্বীকার না করলেও শেষ পর্যন্ত যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে পরিকল্পনার নির্দিষ্ট ১৫টি দফা আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এই পরিকল্পনায় কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তাহলে দেশটির ওপর আরোপিত সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নথি দেখেনি। বিষয়টির সত্যতা যাচাই করার চেষ্টা করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
