কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ লাশ উদ্ধার

কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক

কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২১ আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৩ মার্চ) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এই ‘মর্মান্তিক দুর্ঘটনা’ আমাজনীয় প্রদেশ পুতুমায়ো-র প্রত্যন্ত পৌরসভা পুয়ের্তো লেগুইজামো-তে ঘটেছে। এলাকাটি পেরু ও ইকুয়েডর সীমান্তের কাছাকাছি অবস্থিত।

হারকিউলিস সি-১৩০ সামরিক পরিবহন বিমানটিতে ১১০ জন সৈন্য এবং ১১ জন ক্রুসহ মোট ১২১ আরোহী ছিলেন।

কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলো প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং সেনারা ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছেন।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলাকালীন অন্তত ৭৭ জন আহত আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

বিমানে সমস্যা দেখা দিয়েছিল

কলম্বিয়ার বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা বলেন, দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল।

তিনি জানান, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। আহতদের চিকিৎসার জন্য রাজধানী বোগোটাসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

আধুনিকীকরণের দাবি

এই দুর্ঘটনার পর প্রেসিডেন্ট পেত্রো দেশের সামরিক বিমান ও সরঞ্জাম আধুনিকীকরণের দীর্ঘদিনের দাবির বিষয়টি আবারও সামনে আনেন।

তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং প্রয়োজনে দায়ী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ এই দুর্ঘটনাকে দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Next News Previous News