তেলআবিবের আকাশে হাজার হাজার কাক, যে কারণে আতঙ্কে ইসরাইলিরা
তেলআবিবের আকাশে হাজার হাজার কাকের ঝাঁক, সামাজিক মাধ্যমে আতঙ্ক ও কৌতূহল
ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের আকাশ হঠাৎ করেই এক অদ্ভুত ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। গত মঙ্গলবার শহরের আকাশে উড়তে দেখা যায় হাজার হাজার কালো কাকের বিশাল ঝাঁক।
বিশেষ করে বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনের ওপর দিয়ে যখন পাখিগুলো অন্তহীন চক্রাকারে উড়ছিল, তখন সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
‘অশুভ লক্ষণ’ মনে করছেন কেউ কেউ
ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি যখন চরমে, ঠিক সেই সময় তেলআবিবের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা প্রলয়ের সংকেত হিসেবে ব্যাখ্যা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ অনেক ব্যবহারকারী লিখেছেন, ইতিহাসে দেখা যায় বড় কোনো বিপর্যয়ের আগে প্রকৃতি কখনো কখনো এমন অদ্ভুত সংকেত দেয়।
ধর্মীয় ব্যাখ্যাও খোঁজা হচ্ছে
ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। কেউ কেউ বাইবেলের ‘বুক অব রেভেলেশন’-এর একটি আয়াতের কথা উল্লেখ করে বলেছেন, বড় যুদ্ধ বা বিপর্যয়ের আগে আকাশের পাখিরা কখনো কখনো এভাবে একত্রিত হয়।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিবের আকাশে এই ‘চলন্ত কালো মেঘ’ অনেক ধর্মপ্রাণ মানুষের মনে ভয় তৈরি করেছে।
ইতিহাসেও ছিল এমন বিশ্বাস
ইতিহাসের পাতায় দেখা যায়, প্রাচীন রোমানরা পাখিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষ পুরোহিত নিয়োগ করত, যাদের বলা হতো ‘অগার’। তারা পাখির ওড়াউড়ি দেখে ভবিষ্যৎ যুদ্ধ বা রাজনৈতিক সিদ্ধান্তের পূর্বাভাস দিতেন।
একইভাবে ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে টাওয়ার অব লন্ডনের দাঁড়কাকদের কিংবদন্তি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যদি সেখানকার দাঁড়কাকগুলো চলে যায়, তবে ব্রিটিশ রাজসিংহাসনের পতন ঘটবে।
বিজ্ঞানীদের ব্যাখ্যা
তবে পাখি বিশেষজ্ঞরা এই ঘটনাকে সম্পূর্ণ প্রাকৃতিক বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, ইসরাইল বিশ্বের অন্যতম ব্যস্ত ‘বার্ড ফ্লাইওয়ে’ বা পাখির পরিযায়ন পথ। প্রতি বছর বসন্তকালে প্রায় ৫০ কোটি পাখি এই আকাশপথ ব্যবহার করে।
বিশেষজ্ঞদের মতে, মার্চ মাসে ‘হুডেড ক্রো’ প্রজাতির কাকের প্রজনন মৌসুম শুরু হয়। এ সময় তারা দলবদ্ধভাবে বিচরণ করে এবং শহরের উঁচু ভবন ও খাবারের সহজলভ্যতার কারণে বড় ঝাঁক তৈরি করে।
বিজ্ঞানীরা বলছেন, এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয় বরং ঋতু পরিবর্তনের সঙ্গে পাখিদের স্বাভাবিক আচরণ।
যুদ্ধ পরিস্থিতির প্রভাব
তবে বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মনে ভয় আরও বেড়েছে। ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতেই আকাশে দেখা দেওয়া পাখির ঝাঁক অনেকের কাছে আসন্ন বড় বিপর্যয়ের প্রতীক হিসেবে মনে হচ্ছে।
