যুদ্ধ বন্ধের আলোচনা হয়নি, ইরানের চোরাবালিতে আটকা পড়েছেন ট্রাম্প’
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ট্রাম্পের দাবিকে ‘ফেক নিউজ’ বলছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে ‘অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ কথোপকথন’ হয়েছে বলে দাবি করার কয়েক ঘণ্টা পরেই তেহরান এই অস্বীকৃতি জানায়।
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি।
গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ‘চোরাবালিতে’ আটকে গেছে এবং পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ‘ফেক নিউজ’ ব্যবহার করছেন।
তিনি আরও বলেন, আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন ও তেল আবিব ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে।
গালিবাফের মতে, ইরানের জনগণ আগ্রাসনকারীদের বিরুদ্ধে সম্পূর্ণ ও অনুশোচনামূলক শাস্তি দাবি করছে।
তিনি বলেন, এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের সব কর্মকর্তা দেশের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে।
