ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

ইরান-পাকিস্তান ফোনালাপ: শান্তি ফেরাতে সহায়তার আশ্বাস শরিফের
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ, শান্তি ফেরাতে সহায়তার আশ্বাস পাকিস্তানের

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তান সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শরিফ বলেন, উপসাগরীয় অঞ্চলের বর্তমান গুরুতর পরিস্থিতি নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।

শেহবাজ শরিফ বলেন, দ্রুত উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে তারা একমত হয়েছেন।

গত এক মাসে দুই নেতা একাধিকবার ফোনে কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন তারা।

বর্তমানে পাকিস্তান নিজেও প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে রয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরানের সঙ্গে সীমান্ত থাকায় এই সংঘাতের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্ক অবস্থান নিয়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে গত বছর সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

Next News Previous News