জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা করছে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে সরকার: আখতার হোসেন
রাজনীতি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা করছে সরকার: আখতার হোসেন

সাভার প্রতিনিধি | ২৬ মার্চ ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকার তালবাহানা করছে।

“জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। দেশের মানুষ কোনোভাবেই এই প্রতারণা মেনে নেবে না।” — আখতার হোসেন

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ১৯৭১ সালের মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়বিচারের লক্ষ্যেই মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময়ে দেশে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের আবির্ভাব ঘটেছে এবং জনগণ তার বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে।

তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশ একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

এনসিপির এই নেতা বলেন, জুলাই আন্দোলনের পর দেশে সংস্কারের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। সেই গণরায় বাস্তবায়নের জন্যই তারা নতুন সংবিধান ও সাংবিধানিক সংস্কারের দাবি জানিয়ে আসছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।

আখতার হোসেনের মতে, এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং দেশের মানুষ তা মেনে নেবে না।

Next News Previous News