হরমুজ প্রণালি দিয়ে চলাচলে টোল আরোপের আইন করছে ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মার্চ ২০২৬

গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে চাওয়া জাহাজগুলোর ওপর ফি বা টোল আরোপের পরিকল্পনা করছে ইরান। দেশটির পার্লামেন্ট এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রণয়নে কাজ করছে বলে জানিয়েছে আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

প্রস্তাবিত আইন কার্যকর হলে হরমুজ প্রণালির ওপর ইরানের তদারকি ও নিয়ন্ত্রণ আইনগত স্বীকৃতি পাবে।

ফার্সের প্রতিবেদনে এক অজ্ঞাতনামা আইনপ্রণেতার বরাতে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই এ পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। পারস্য উপসাগরের তেল ও গ্যাসসমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বিশ্বের বাকি অংশের সংযোগে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলা শুরুর প্রায় এক মাস পর থেকে এই সংকীর্ণ জলপথ কার্যত বন্ধ রয়েছে। ফলে এটি চলমান সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ সময়ে খুব অল্পসংখ্যক জাহাজ চলাচল করতে পেরেছে, যার বেশিরভাগই ইরান বা চীনের সঙ্গে সংশ্লিষ্ট।

কিছু জাহাজ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) থেকে নিরাপদ চলাচলের অনুমতি নিয়েও পার হয়েছে বলে জানা গেছে।

প্রস্তাবিত আইনের মাধ্যমে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে চালু থাকা টোল আদায়ের বিষয়টি আনুষ্ঠানিক রূপ পাবে। শিপিং খাতের বিভিন্ন সূত্র জানিয়েছে, কিছু জাহাজের কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি দাবি করা হয়েছে। অনেক ক্ষেত্রে মধ্যস্থতাকারীর মাধ্যমে জাহাজের ক্রু, পণ্য ও ভ্রমণ সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক প্রতিষ্ঠান তেল উৎপাদন কমাতে বা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। যুদ্ধের কারণে কিছু শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং চলতি সপ্তাহের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলারের ওপরে উঠে যায়।

Next News Previous News