ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প
ট্রাম্পের দাবি: ইরান আমাকে সর্বোচ্চ নেতা হতে বলেছিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অবিশ্বাস্য দাবি করেছেন। তিনি বলেছেন, ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে তিনি আবারও দাবি করেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা চলছে এবং ইরান একটি চুক্তি করতে আগ্রহী।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানি নেতারা প্রকাশ্যে আলোচনার কথা স্বীকার করতে ভয় পাচ্ছেন, কারণ তাদের আশঙ্কা—নিজেদের দেশের মানুষ এতে ক্ষুব্ধ হতে পারে।
তবে তেহরান ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করেছে। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আপনারা কি নিজের সঙ্গেই আলোচনা করছেন? আমরা সবসময় বলেছি, আমাদের মতো মানুষ আপনাদের সঙ্গে কোনো চুক্তি করবে না।”
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানসহ কয়েকটি দেশের মাধ্যমে ওয়াশিংটন তেহরানে ১৫ দফা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, হিজবুল্লাহসহ প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয় উল্লেখ করা হয়েছে।
এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরান মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে পাঁচ দফা পাল্টা প্রস্তাব দিয়েছে এবং জানিয়েছে, যুদ্ধ শেষ হবে ইরানের শর্তেই।
