ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল হিসাব: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ট্রাম্পের ‘সবচেয়ে বড় ভুল হিসাব’: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেছেন, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সবচেয়ে বড় ভুল হিসাব’। দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি এই মন্তব্য করেন। যুদ্ধ শুরু হওয়ার আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছিলেন তিনি।

আলবুসাইদি এই ‘অবৈধ যুদ্ধ’ দ্রুত শেষ করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তার মতে, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য প্রশ্নটি সহজ—এই অনাকাঙ্ক্ষিত সংঘাত থেকে এই পরাশক্তিকে মুক্ত করতে আমরা কী করতে পারি? ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থেই এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হওয়া প্রয়োজন।”

ওমানসহ উপসাগরীয় দেশগুলো কয়েক দশক ধরে সম্ভাব্য ইরানি হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনেছে এবং নিজ দেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে। কিন্তু বর্তমানে যে আপেক্ষিক শান্তি ও সমৃদ্ধি তারা ভোগ করছিল, তা এই যুদ্ধের কারণে হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন আলবুসাইদি।

তার মতে, যুক্তরাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ অনেকাংশে হারিয়ে ফেলেছে। তিনি আরও বলেন, সম্ভবত ইসরাইল যুক্তরাষ্ট্রকে এমনভাবে প্ররোচিত করেছে যাতে মনে হয় এই যুদ্ধে সহজেই জয় পাওয়া যাবে।

তবে বাস্তবে ইসরাইলের লক্ষ্য অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রকে সেখানে স্থলসেনা নামাতে হবে এবং এতে এমন এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Next News Previous News