বিবেকবান মার্কিনিরা চলমান 'অবৈধ' যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের
ইরান: মার্কিন নাগরিকদের আহ্বান এবং জোসেফ কেন্টের পদত্যাগ
ইরান প্রতিটি মার্কিন নাগরিক ও বিবেকবান কর্মকর্তাকে আহ্বান জানিয়েছে যেন তারা ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করেন এবং এই যুদ্ধকে 'প্রত্যাখ্যান' করেন। ইরান এই সংঘাতকে একটি অবৈধ ও উস্কানিমূলক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সেন্টার ফর কাউন্টারটেররিজমের (এনসিসি) ডিরেক্টর জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন।
জোসেফ কেন্ট আরও জানিয়েছিলেন, ইরান কোনো তাৎক্ষণিক হুমকি নয়, বরং ইসরাইল এবং ইসরাইলি লবিংয়ের চাপের কারণে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। কেন্টের পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এবং কট্টর সমর্থকদের মধ্যে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে গভীর বিভাজন সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় এই হামলার পেছনে ভিন্ন কারণ দেখিয়েছেন এবং ইসরাইলি চাপের বিষয়টি অস্বীকার করেছেন। চলতি মাসের শুরুতে হাউজ স্পিকার মাইক জনসন ইঙ্গিত দিয়েছিলেন হোয়াইট হাউস বিশ্বাস করে ইসরাইল একাই এই পদক্ষেপ নিতে বদ্ধপরিকর ছিল, যা রিপাবলিকান প্রেসিডেন্টের জন্য কঠিন সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে যৌথ সামরিক হামলা চালিয়ে এই সংঘাতের সূচনা করে। এরপর ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরাইলি অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
