দোয়া করেছি, স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন অটুট থাকে: জামায়াত আমির
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দোয়া করেছি: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার এবং সবার মতো আমরাও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
