পাকিস্তানের অনুরোধে ইরানের ২ নেতাকে হিট লিস্ট থেকে সরিয়েছে ইসরাইল
ইসরায়েলের হত্যার তালিকা থেকে সাময়িকভাবে বাদ দুই ইরানি নেতা
ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু তালিকা থেকে সাময়িকভাবে বাদ পড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ। পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই দুই নেতাকে লক্ষ্যবস্তু না করতে বলেছে বলে রয়টার্সকে জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত একটি পাকিস্তানি সূত্র।
সূত্রটির দাবি, ইসরায়েলের কাছে ওই দুই নেতার অবস্থানের তথ্য ছিল এবং তাদের হত্যার পরিকল্পনাও করা হচ্ছিল। তখন পাকিস্তান যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানালে ওয়াশিংটন ইসরায়েলকে সাময়িকভাবে পিছিয়ে যেতে বলে।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, সম্ভাব্য শান্তি আলোচনার সুযোগ রাখতে দুই ইরানি কর্মকর্তাকে চার থেকে পাঁচ দিনের জন্য হত্যার তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে। তবে সেখানে পাকিস্তানের ভূমিকার উল্লেখ ছিল না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্ক। অধিকাংশ দেশের সঙ্গে যোগাযোগ সীমিত হয়ে পড়লেও ইসলামাবাদ এখনো একইসঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। সম্ভাব্য শান্তি আলোচনার স্থান হিসেবেও ইসলামাবাদকে বিবেচনা করা হচ্ছে।
এদিকে পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো ১৫ দফা প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। ইসরায়েলি মন্ত্রিসভার সূত্রের বরাতে জানা গেছে, ওই প্রস্তাবে ইরানের অতিসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কাটছাঁট এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধের কথা বলা হয়েছে।
