যুদ্ধে নিযুক্ত মার্কিন সেনাদের পরিবারের প্রতি ইরানি স্পিকারের বার্তা
যুদ্ধে নিযুক্ত মার্কিন সেনাদের পরিবারের প্রতি ইরানি স্পিকারের বার্তা
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্প্রসারণবাদী বিভ্রান্তিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করছেন।
তিনি বলেন, এ কাজে কেন তাদের সন্তানদের বলি দেওয়া হচ্ছে, তা জানার অধিকার রয়েছে মার্কিন সেনাদের পরিবারের।
ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন-এর কথাও উল্লেখ করেন এবং একটি হ্যাশট্যাগ ব্যবহার করেন। এপস্টেইন ছিলেন ট্রাম্পের সাবেক সহযোগী এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে তারা অবগত।
বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে, আর দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।
