লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে এনসিপি সভাকে কেন্দ্র করে উত্তেজনা, ডিম নিক্ষেপ ও গ্রেপ্তারলন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভকে ঘিরে এ উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় সময় সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এই ঘটনা ঘটে। সভা শুরুর আগেই আওয়ামী লীগ সমর্থিত প্রবাসী নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন বলে জানা গেছে। অন্যদিকে এনসিপির কর্মীরাও সেখানে অবস্থান নেন।

এক পর্যায়ে এনসিপির সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর অনুষ্ঠানে যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং তিনি বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে তিনি পুলিশি নিরাপত্তায় এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া তিনজনের মধ্যে একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক ছিলেন। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে নেওয়ার দৃশ্যও দেখা গেছে। তবে আটক ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের আগে ও পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ডিম নিক্ষেপ এবং বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, আওয়ামী লীগের কিছু কর্মী উসকানিমূলক আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তারা এটিকে কাপুরুষোচিত আচরণ বলে উল্লেখ করে রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে।

Next News Previous News