ইরান কখনো পারমাণবিক অস্ত্র না রাখতে রাজি হয়েছে, দাবি ট্রাম্পের

পারমাণবিক অস্ত্র না রাখার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে দাবি করেন, রোববার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না।

ট্রাম্প আরও বলেন, ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র না রাখার কথা বলে আসছে এবং ২০১৫ সালের চুক্তিতেও একই ধরনের প্রতিশ্রুতি ছিল। তবে তার প্রশাসন এবং ইসরায়েল সেই প্রতিশ্রুতির ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেনি।

এছাড়া তিনি দাবি করেন, ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে—এমন তথ্য সম্পূর্ণ ভুয়া এবং এটি ডেমোক্র্যাটদের ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণা।

তবে এর আগে তার এক শীর্ষ সহযোগী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জব্দ তহবিল ছাড়, নিষেধাজ্ঞা শিথিল এবং পুনর্গঠন সহায়তা নিয়ে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি বৃহৎ আর্থিক কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে, সমঝোতা স্মারকের খসড়া খুব শিগগিরই—সম্ভবত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়েছে।

তবে চুক্তি বাস্তবায়ন, যাচাই প্রক্রিয়া এবং ইরানের পারমাণবিক স্থাপনার ভবিষ্যৎ নিয়ে এখনো বিস্তারিত পরিষ্কার করা হয়নি। বিশেষ করে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ১৯ জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের আলোচনায় এসব বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Next News Previous News