কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

ফুলগাজীতে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা

ফুলগাজীতে কান্না করায় দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা

ফেনীর ফুলগাজী উপজেলায় কান্না করায় নিজের দুই মাস বয়সী সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. সুলতানকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফুলগাজী ভূমি অফিস সংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত সুলতান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাত্রা ডাকঘর এলাকার কিতাব আলীর ছেলে। তিনি স্ত্রী রুনা আক্তার ও সন্তানকে নিয়ে ফুলগাজীতে ভাড়া বাসায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রুনা আক্তারের সঙ্গে সুলতানের বিয়ে হয়। দুই মাস আগে তাদের সংসারে জন্ম নেয় ছেলে সন্তান জুনায়েদ।

শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার সময় তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় শিশুটি বাবার কাছে ছিল এবং বারবার কান্না করছিল। এতে ক্ষিপ্ত হয়ে সুলতান শিশুটিকে মাটিতে আছড়ে মারেন।

রুনা আক্তার জানান, ঘরে ফিরে তিনি দেখতে পান শিশুটি মাটিতে পড়ে ছটফট করছে এবং শ্বাসকষ্টে ভুগছে। তিনি আরও অভিযোগ করেন, শিশুর পাশে বসে সুলতান গাঁজা সেবন করছিলেন এবং সন্তানকে হাসপাতালে নিতে বাধা দিচ্ছিলেন।

পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে প্রথমে মুন্সীরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Next News Previous News