সম্পত্তির মালিকানার মামলায় হেরে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাতে হত্যা

সম্পত্তির মামলায় হেরে বাবাকে হত্যা, গ্রেফতার ছেলে

সম্পত্তির মামলায় হেরে ৮২ বছর বয়সী বাবাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ছেলে

সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আদালতে মামলা হেরে নিজের ৮২ বছর বয়সী বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন এক ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগরে।

নিহত জাফর কামারুদ্দিন সৈয়দ প্যাটেল ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তার ছেলে আব্দুল রহমান আব্দুল জাফর পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে ঝগড়া-বিবাদ ও মারধরের ঘটনায় জড়িত ছিলেন।

পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে জাফর প্যাটেল প্রথমে পুনেতে মেয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে তিনি আদালতে ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য মামলা দায়ের করেন। প্রায় দুই বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর সম্প্রতি আদালত তার পক্ষে রায় দেয় এবং বাড়ির মালিকানা বাবার কাছে ফিরিয়ে দিয়ে ছেলেকে উচ্ছেদের নির্দেশ দেয়।

আদালতের রায় পাওয়ার পর বাড়ি ফেরার পথে ঘটে ভয়াবহ এই ঘটনা। অভিযোগ অনুযায়ী, জাফর প্যাটেল যে অটোরিকশায় করে ফিরছিলেন, পথিমধ্যে তার ছেলে সেটি থামিয়ে দেয়। এরপর রাস্তার মাঝেই সবার সামনে ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় জাফর প্যাটেলকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। হামলায় তার সঙ্গে থাকা মেয়েও আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল রহমানকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Next News Previous News