চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি
চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়ভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লার বিরুদ্ধে ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও বিএনপির সদস্য জহিরুল ইসলামের কাছে ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছিল। সোমবার রাতে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে রেইনট্রিতলা এলাকায় ডেকে নেন। নির্ধারিত সময়ে জাকির মোল্লা তার সহযোগী আব্দুর রাজ্জাক মোল্লাকে নিয়ে সেখানে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া স্থানীয়রা তাদের ঘিরে ফেলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয়রা দুইজনকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এলাকাবাসীর একটি অংশ দাবি করেছে, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা বলেন, তিনি কোনো চাঁদা দাবি করেননি। বরং বালুর ব্যবসা যৌথভাবে পরিচালনার জন্য অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, বিএনপি কখনো চাঁদাবাজি বা এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
