আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী
মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী বদ্ধ পরিবেশে অক্সিজেনের ঘাটতির কারণে হাসপাতালে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি সামনে এসেছে।
তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে এই ঘটনার দায় নিতে হবে এবং শিশুদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট হাসপাতালের নিবন্ধন বা লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি আরও জোরদার করা হবে।
