আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক পদত্যাগ

প্রকাশ: মঙ্গলবার

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। নতুন দায়িত্ব নিয়েছেন অধ্যাপক জামালুন্নেসা।

মঙ্গলবার সকালে আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ্‌-দ্বীন হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত শেষে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি ব্যবস্থা জোরদার ও প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন। তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আদ্‌-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে একাধিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন এবং হাজারো চিকিৎসক, নার্স ও শিক্ষার্থী এখানে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটি মানসম্মত স্বাস্থ্যসেবা ও জবাবদিহির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Next News Previous News