ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার

নিউজ প্রতিবেদন

নেইমারের চোটে বিশ্বকাপে ব্রাজিল দুশ্চিন্তায়

প্রকাশ: ১৬ জুন

চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ১–১ ড্র করেছিল ব্রাজিল। এবার কার্লো আনচেলত্তি তাঁকে পরের দুই ম্যাচের দলেও পাচ্ছেন না। এমনকি দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপে খেলতে পারবেন কি না, এমন সংশয়ও আছে কারও কারও।

৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলায় সময় পায়ের পেশির চোটে পড়েন। ১০ দিন পর ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি।

ইএসপিএন জানিয়েছে, গ্রুপ পর্বে ব্রাজিলের পরের দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। দলটির পরের দুই ম্যাচ ২০ ও ২৫ জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, নেইমারের সোমবার অনুশীলনে ফেরার কথা ছিল। কিন্তু তা না করে তিনি পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এটি নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা আরও বাড়াচ্ছে।

ব্রাজিলের কোচ আনচেলত্তি বলেছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ফেরার চেষ্টা করছেন এবং নকআউট পর্বের আগে তাকে ফিট করার আশা করা হচ্ছে।

Next News Previous News