স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি
স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান ‘অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাজধানী ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি তার হাতে এ সম্মাননা তুলে দেন।
এটি মোদির প্রাপ্ত ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
পুরস্কার গ্রহণের পর মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই সম্মান গ্রহণ করতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। তিনি স্লোভাকিয়ার জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি ভারতের ১৪০ কোটি মানুষের এবং এটি ভারত-স্লোভাকিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করা হলো।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মোদি এই সম্মাননাকে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান আস্থা, আন্তরিকতা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্ম এই বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে কাজ করবে।
‘অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ হলো স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক ও সামরিক রাষ্ট্রীয় সম্মাননা, যা বিদেশি নাগরিকদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
বর্তমানে মোদি তার ইউরোপ সফরের অংশ হিসেবে স্লোভাকিয়া সফরে রয়েছেন। এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ব্রাতিস্লাভা সফর হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এ সফরে ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত অংশীদারত্বে উন্নীত করেছে। পাশাপাশি অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১১টি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ।
