তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ

তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ

তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে গত ১৭ বছর দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছে।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘গুম থেকে প্রত্যাবর্তন: স্মৃতি, সংগ্রাম ও প্রেরণায় আনিসুর রহমান তালুকদার খোকনের ফিরে আসা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের আমলে গুমের শিকার ছাত্রনেতাদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মিয়া নুরুউদ্দিন অপু বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি দীর্ঘ সময় ধরে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করেছে। তারেক রহমানের আহ্বানে বিভিন্ন মত ও পেশার মানুষ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও পুরান ঢাকার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা উচিত।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে খোকন বলেন, তিনি ও তার সহযোদ্ধা জনি তিন মাস ১৭ দিন গুমের শিকার ছিলেন। এ সময় তিনি আন্দোলনে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সভার সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিগত সরকারের আমলে ছাত্রদলের অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। গুম হওয়া ছাত্রদল নেতা আল-আমিন, রাসেল ও রানাসহ নিখোঁজদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুসহ বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে গুমের শিকার ছাত্রনেতাদের স্মরণে ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Next News Previous News