বিএনপি নেতার মোটরসাইকেল চুরি, গ্রেফতার আ.লীগ নেতা

মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নামে টাকা আত্মসাত, আটক সাবেক চেয়ারম্যান

মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নামে টাকা আত্মসাত, আটক সাবেক চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নামে এক বিএনপি নেতার কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুস সালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুস সালাম বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মহিষমারী গ্রামের মো. ইশার উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

যেভাবে ঘটনার সূত্রপাত

পুলিশ ও ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে মহিষমারী গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা মো. ফরহাদ আলীর বাড়ির বারান্দা থেকে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়।

পরদিন সকালে মোটরসাইকেলটি খুঁজতে গিয়ে ফরহাদ আলী জানতে পারেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম টাকার বিনিময়ে মোটরসাইকেলটি উদ্ধার করে দিতে পারবেন।

অভিযোগ অনুযায়ী, ফরহাদ আলী তার সঙ্গে যোগাযোগ করলে সালাম দাবি করেন যে তিনি মোটরসাইকেলটির অবস্থান সম্পর্কে জানেন। এ সময় তিনি ফরহাদের মোবাইল ফোন ব্যবহার করে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং পরে নম্বরটি মুছে ফেলেন।

ধাপে ধাপে টাকা আদায়ের অভিযোগ

মোটরসাইকেল ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে ২ হাজার টাকা নেন আব্দুস সালাম। পরে মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল বুঝিয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে ঠাকুরগাঁও সদর কোর্ট এলাকায় নিয়ে যান।

সেখানে মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নাম করে আরও ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। টাকা নেওয়ার পর ফরহাদ আলীকে অপেক্ষা করতে বলে সালাম কৌশলে সেখান থেকে চলে যান এবং তার মোবাইল ফোন বন্ধ করে দেন।

জনতার হাতে আটক

পরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় আব্দুস সালামকে দেখতে পেয়ে ভুক্তভোগী ও স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলেন।

এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়ার জন্য তিনি আরও ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। টাকা না দিলে হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের বক্তব্য

বালিয়াডাঙ্গী থানার ওসি মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী মো. ফরহাদ আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Next News Previous News