জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী
জাতির স্বার্থ এবং দেশের প্রতিটি মানুষের কল্যাণকে সামনে রেখেই এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের উদ্দেশ্যে অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটের বিভিন্ন দিক নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হচ্ছে, ফলে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি।
তিনি বলেন, জনগণের সেই প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রাকে বিবেচনায় রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও সীমিত সম্পদের মধ্যেই বাজেট প্রণয়ন করতে হয়েছে। একটি ভঙ্গুর ও চ্যালেঞ্জপূর্ণ অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে আরও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তার ভাষায়, এই বাজেটে সেই লক্ষ্য বাস্তবায়নের প্রতিফলন রয়েছে এবং এটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, এবারের বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো দেশের সব নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার প্রচেষ্টা। অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যেই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও জনগণকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নে সরকার সর্বাত্মক চেষ্টা করবে।
