মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক
মিরপুরে ইট দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী আটক
রাজধানীর মিরপুর কাফরুল এলাকায় চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে (২৭) আটক করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে রাতে র্যাব-৪ সূত্র নিশ্চিত করেছে।
র্যাব জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে মাথায় ইট নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানিয়েছে, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ভুক্তভোগী রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ফয়সাল ওরফে কালু, পারভেজসহ কয়েকজন তাকে থামানোর চেষ্টা করে।
র্যাবের তথ্য অনুযায়ী, কালু ব্যর্থ হলে পারভেজ একটি বড় ইটের টুকরো ছুড়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।
পরে হামলাকারীরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব আরও জানিয়েছে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। আটক ফয়সাল ওরফে কালুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
