সাবেক এমপি বাহারকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি

বাহাউদ্দীন বাহারের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাহাউদ্দীন বাহারকে দেশে ফিরিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের

সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারের কথিত মাদ্রাসাবিরোধী বক্তব্য এবং কুমিল্লার জনগণের প্রতি হুমকিমূলক মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংগঠনের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি টকশোতে বাহাউদ্দীন বাহার দেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষাব্যবস্থা বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন এবং কুমিল্লার জনগণের প্রতি হুমকিমূলক মন্তব্য করেছেন। তার এসব বক্তব্যে কুমিল্লাসহ দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের যুগ্ম সেক্রেটারি ও মহানগর সেক্রেটারি মুফতি শামছুল ইসলাম জিলানী। তিনি বলেন, বাংলাদেশের মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমিক নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই শিক্ষাব্যবস্থা বন্ধের আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ।

আইনি ব্যবস্থা গ্রহণের দাবি

লিখিত বক্তব্যে বাহাউদ্দীন বাহারের রাজনৈতিক ভূমিকারও সমালোচনা করা হয়। সংগঠনের নেতারা দাবি করেন, অতীতে তার বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়ন, সন্ত্রাস ও দুর্নীতির নানা অভিযোগ ছিল। দেশত্যাগের পরও তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলন থেকে বাহাউদ্দীন বাহারকে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বক্তব্যের বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, শিক্ষাব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ

হাফেজ মাওলানা মুনীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুনীর হুসাইন, মাওলানা আনিসুর রহমান আশরাফী, হাফেজ আজীজুল হক, মাওলানা তৈয়ব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কাশেম, আবু তাহেরসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

Next News Previous News