যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত
ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, যুক্তরাষ্ট্রের কূটনীতিক তলব
ওমানের উপকূলে একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক’ উল্লেখ করে জানান, নিখোঁজ থাকা তিন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছিল।
পালাউ-পতাকাবাহী ওই তেলবাহী ট্যাঙ্কারটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ভারতীয়, ২ জন পাকিস্তানি, ১ জন ইউক্রেনীয় এবং ১ জন রুশ নাগরিক ছিলেন।
প্রাথমিকভাবে জানানো হয়েছিল, জাহাজ থেকে ২১ জন ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিনজন নাবিক নিখোঁজ ছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব
ঘটনার জেরে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ব্যাখ্যা দিতে ডেকে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
