কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার প্রাগপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ এবং চারজন শিশু রয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত দিয়ে ওই ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত পদক্ষেপ নেন এবং তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠান।

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং বিজিবির সঙ্গে সমন্বয় করে পুশইনের চেষ্টা প্রতিহত করতে সহায়তা করেন।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। রাতের আঁধারে বিএসএফ বিভিন্ন সময় পুশইনের চেষ্টা করছে, তবে বিজিবি সেসব প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Next News Previous News