সীমান্তে বিজিবি-বিএসএফের তর্কের মাঝে কে এই বৃদ্ধ?
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মধ্যে তর্কাতর্কির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, এক বৃদ্ধকে কখনো বিজিবি সদস্যরা ভারতের দিকে ঠেলে দিচ্ছেন, আবার কখনো বিএসএফ সদস্যরা তাকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করছেন।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে পড়ে প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করেন ষষ্টি চন্দ্র বর্মন নামের ওই ব্যক্তি। পরে বিজিবি নিশ্চিত করে যে তিনি বাংলাদেশের নাগরিক।
বিজিবি সূত্র জানায়, ষষ্টি চন্দ্র বর্মনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনের শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ভাইরাল হওয়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পরিচয় যাচাই-বাছাই শেষে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে কামালপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা নিয়ে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি সীমান্ত এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ষষ্টি চন্দ্র বর্মনকে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
