জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা

জর্ডানে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার দাবি

জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।

বিপ্লবী গার্ডের দাবি অনুযায়ী, ঘাঁটিটির দিকে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। তারা আরও দাবি করেছে, ঘাঁটিতে অবস্থানরত মার্কিন এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে এবং এতে একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতদিন শত্রুতাপূর্ণ আচরণ অব্যাহত রাখবে, ততদিন তারা পাল্টা জবাব দিয়ে যাবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডানে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন অথবা রকেট শনাক্ত করা হয়েছে। নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র দাবি করে, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে এবং এর জবাবে তারা ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পরও ইরান তাদের হামলা অব্যাহত রাখে। প্রথমে বাহরাইন ও কুয়েতে হামলার দাবি করার পর জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়।

Next News Previous News