বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা বসিয়ে রাখার ঘটনায় প্রতিবাদস্বরূপ তিনি ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যথাযথ আচরণ করা হয়নি। তাকে যেভাবে অপেক্ষা করানো হয়েছে এবং যে পরিবেশে বসতে দেওয়া হয়েছে, তা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ কারণেই তিনি ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
তবে তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সৌজন্য প্রদর্শন করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, এই ঘটনার পর তিনি অবশ্যই ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন। তবে তার মতে, এ ঘটনা বাংলাদেশ ও ভারতের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, গত রোববার ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে দিল্লি যান ডা. জাহেদ উর রহমান। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। পরে উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে দেশে ফিরে আসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও দীর্ঘ সময় অপেক্ষা করানোর অভিজ্ঞতা তার কাছে অসন্তোষজনক মনে হয়েছে এবং সেই কারণেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
