জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ-ঘেরাও
অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মাদারগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দীর্ঘ সময়ের লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন বিদ্যুৎ গ্রাহকরা। রোববার (২৯ জুন) দিবাগত রাতে কয়েক ঘণ্টা ধরে স্থানীয় পল্লী বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রাখেন তারা। পরে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন গ্রাহক জানান, মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন এলাকায় কয়েকদিন ধরে অসহনীয় লোডশেডিং চলছে। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তাদের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় চরম সমস্যার মুখে পড়েছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফারজানা ইয়াসমিন জানান, কয়েকশ মানুষ বিদ্যুৎ কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৭ থেকে ১৮ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। উৎপাদন ও সরবরাহের এই ঘাটতির কারণেই নির্ধারিত সময় ছাড়াও লোডশেডিং দিতে হচ্ছে।
ডিজিএম আরও জানান, বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা করা হবে।
