বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

বাউফলে বিএনপির মিছিলে হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২), ছাত্রদলের সহ-সভাপতি রাসেল (৩০)সহ আরও কয়েকজন নেতাকর্মী। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বিএনপির নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের মোটরসাইকেল শোডাউনের ওপর অতর্কিত হামলা চালায়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাবাজার এলাকা থেকে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে শোডাউন শুরু করা হয়। মিছিলটি দাশপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে হামলার শিকার হয়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, স্থানীয় হেলাল রাড়ী, রিয়াজ সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থক বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Next News Previous News