আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা
ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে ফাইয়াজ প্রেমজি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ, মিছিলের অংশগ্রহণকারীদের ওষুধ বলে ক্যাপসুল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) তাজিয়া মিছিল চলাকালে সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণের সময় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিপুলসংখ্যক মানুষের ক্ষতি করার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, কয়েকজন ব্যক্তি ওই ক্যাপসুল সেবনের পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেন। তদন্তকারীদের দাবি, পরীক্ষায় ক্যাপসুলে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে বিপুলসংখ্যক ক্যাপসুল জব্দ করা হয়েছে। একই সঙ্গে আরও কিছু খালি ক্যাপসুল ও রাসায়নিক সংগ্রহের পরিকল্পনার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।
শনিবার তাকে স্থানীয় আদালতে হাজির করা হলে আদালত জিজ্ঞাসাবাদের স্বার্থে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার প্রকৃত উদ্দেশ্য, সম্ভাব্য সহযোগী এবং পুরো পরিকল্পনার পেছনে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
