পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহতের দাবি আফগানিস্তানের

পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তালেবানের

পূর্ব আফগানিস্তানের পাকতিকা, পাকতিয়া ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ অভিযোগ করেন। তবে তিনি হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক জনগণ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। তিনি এই হামলার নিন্দা জানিয়ে এটিকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

অন্যদিকে, আফগানিস্তানের অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকার তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান এবং পরবর্তী বিমান হামলায় ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

পাকিস্তানের দাবি অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে পাকিস্তান রেঞ্জার্স (সিন্ধ) ক্যাম্পসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

দুই দেশের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি করা হলেও ঘটনাগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Next News Previous News