যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের বিরুদ্ধে শিশুহত্যার বিচার দাবি মোজতবা খামেনির
যুক্তরাষ্ট্র-ইসরাইলের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার দাবি খামেনির
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘শিশুহত্যা’, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। তিনি বলেছেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের ইরানের আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করতে হবে।
রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খামেনি দাবি করেন, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত কথিত যুদ্ধাপরাধ ও আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের প্রকাশ্য বক্তব্যই এসব অপরাধের স্বীকারোক্তি হিসেবে বিবেচিত হতে পারে।
১৯৮১ সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
খামেনি বলেন, ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনাকে ‘শিশুহত্যা’র উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয়টিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষকসহ ১৭৫ জনের বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই শিশু। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খামেনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘনের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
