বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে তিনি এ তথ্য জানিয়েছেন।
জাইমা রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে একটি ছোট ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করতে চাই। দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। মহান আল্লাহর রহমতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”
জানা গেছে, এবারের পরীক্ষায় তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন।
শুক্রবার রাতেই বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হয়। এগুলো হলো এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা। তিন ধাপেই সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ পান।
বার কাউন্সিলের বিধান অনুযায়ী, এই প্রক্রিয়া সম্পন্নকারী আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি সংক্রান্ত পরীক্ষা, নীতিমালা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে থাকে।
