চাঁপাইনবাবগঞ্জে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিএসএফের চেষ্টা ব্যর্থ করল বিজিবিচাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৩ জুন) ভোর ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০/এমপি এলাকার মাধ্যমে এই ঘটনা ঘটে। বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকা ব্যবহার করে ১৫ জনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।

পুশইনের জন্য আনা ওই ১৫ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল বলে জানা গেছে।

বিজিবি জানায়, ঘটনাস্থলে থাকা টহল দল বিষয়টি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিকভাবে বাধা দেয়। বিজিবির হস্তক্ষেপের পর বিএসএফ ওই ব্যক্তিদের সীমান্তের শূন্য রেখা থেকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিয়মিত নজরদারি ও টহল জোরদারের কারণে এ ধরনের অনুপ্রবেশ বা পুশইন প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে।

সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা ও কূটনৈতিক নজরদারি আরও বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Next News Previous News